আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে রিট, ফের পেছালো শুনানি

আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে রিট, ফের পেছালো শুনানি

নিজস্ব প্রতিবেদক

Published : ১৩:৪৪, ২৭ আগস্ট ২০২৪

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে করা রিটের শুনানি আগামী রোববার (১ সেপ্টেম্বর) পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৭ আগস্ট) এ আদেশ দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগের গুটি কয়েক নেতার অপরাধের বিচার হবে। তবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা যাবে না।

এর আগে আদালত গত রোববার (২৪ আগস্ট) শুনানির দিন পিছিয়ে আজকের দিন ধার্য করেছিলেন।

গত ১৯ আগস্ট মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন।

রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়। এ ছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়।

একইসঙ্গে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement