‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বসা দরকার’
Published : ১৮:৩৪, ২৮ আগস্ট ২০২৪
ভারত থেকে কিছু অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত আলোচনায় বসা দরকার।
তিনি বলেন, বর্তমান সরকার কী চায়, জনগণ কী চায়, আমরা কী চাই—এ বিষয়গুলো আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। না হলে অনেক ভুল-বোঝাবুঝি হতে পারে।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একটা ক্রান্তিকাল পার করছি। এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে একটি স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে। কারণ অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা। সরকারকে সহযোগিতা না করলে কিন্তু সেটা হবে না।
তিনি আরো বলেন, আন্দোলন-বিপ্লবের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার এসেছে। অবশ্যই এই সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। তার জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
বিএনপির মহাসচিব বলেন, ছাত্র-জনতার বিপ্লব নস্যাতের চক্রান্ত হচ্ছে। ভারত থেকে কিছু অপপ্রচার চালানো হচ্ছে। তারা সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে।
তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ফের পরিকল্পিতভাবে চক্রান্ত হচ্ছে। অথচ গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার। মিথ্যা মামলায় জর্জরিত। এমন কোনো নেতাকর্মী নেই যাদের বিরুদ্ধে মামলা দেয়নি।
জামায়াত-শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই। যারাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তারা রাজনীতি করবে এটা তাদের অধিকার।































