সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর

সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর নির্বাচন কমিশন ভবন। ইনসেটে সাবেক এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। ছবি: ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৫৯, ১২ অক্টোবর ২০২৬

বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর।

সোমবার (১২ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ঘোষিত তপশিল অনুযায়ী, ২৬ অক্টোবর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। সবশেষে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। পরে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এর ধারাবাহিকতায় উপনির্বাচনের তপশিল ঘোষণা করল নির্বাচন কমিশন।

এ উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

শূন্য আসনে কারা প্রার্থী হতে পারবেন, সে বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, আসনটি বিএনপি জোটের হওয়ায় জোট মনোনীত প্রার্থীরাই নির্বাচনে অংশ নেবেন। জোট একাধিক প্রার্থী মনোনয়ন দিলে তাঁদের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। আর একজন প্রার্থী থাকলে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।

শেয়ার করুনঃ
Advertisement