চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
Published : ১৯:৪৪, ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চকবাজারের সাততলা ভবনের ষষ্ঠ তলায় একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি আরও জানান, আগুনের কারণে তৈরি হওয়া ঘন ধোঁয়ার মধ্যে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম চালাতে ফায়ার ফাইটারদের বেগ পেতে হচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


































