মাহমুদউল্লাহর ঝোড়ো ৭৩-ও বাঁচাতে পারল না বাংলাদেশ
Published : ১১:০৮, ৮ অক্টোবর ২০২৬
শারজাহতে শেষ পর্যন্ত লড়াই করেও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের কাছে হার এড়াতে পারল না বাংলাদেশ চ্যাম্পিয়নস। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দলের হার ৩৭ রানে।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি অস্ট্রেলিয়ার। আবু জায়েদ রাহীর বোলিং তোপে মাত্র ২৭ রানেই উসমান খাজা ও ডি’আর্সি শর্টকে হারায় তারা। ৩৬ রানের মাথায় ফিরতে হয় জো বার্নসকেও।
এরপর অবশ্য ম্যাচের চিত্র বদলে দেন ডেভিড ওয়ার্নার ও কলাম ফার্গুসন। ওয়ার্নার ৩৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৬ রান করেন। ফার্গুসনের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৩ রান। শেষ দিকে বেন ডাঙ্কের ২৪ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংসে ২০ ওভারে ৬ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।
বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহী ৪ ওভারে ৪৬ রান দিয়ে ৩ উইকেট নেন। জিয়াউর রহমান শিকার করেন ২ উইকেট।
জবাবে ২০৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই রনি তালুকদারকে হারায় বাংলাদেশ। এরপর ইমরুল কায়েস ৩০ বলে ৪১ এবং ফজলে মাহমুদ ২০ বলে ২৭ রান করে দলকে কিছুটা এগিয়ে নেন। তবে দ্রুত কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে বাংলাদেশ।
একপ্রান্ত আগলে রেখে তখন প্রতিরোধ গড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ। মাত্র ৩৫ বলে ২ চার ও ৮ ছক্কায় ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ২০৮.৫৭। তবে অধিনায়কের এই বিধ্বংসী ইনিংসও দলকে জয়ের পথে নিতে পারেনি।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে ৩৭ রানের জয় পায় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস।
এই হারে টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয় হলো বাংলাদেশের। অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস।


































