মেসির জোড়া গোলে আটলান্টাকে হারিয়ে মিয়ামির জয়
Published : ১১:৩৮, ১৮ অক্টোবর ২০২৬
মেজর লিগ সকারে (এমএলএস) আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। রোববার সকালে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। এই জয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করার পাশাপাশি সাপোর্টার্স শিল্ডের লড়াইয়েও নিজেদের অবস্থান ধরে রেখেছে ফ্লোরিডার ক্লাবটি।
আটলান্টার মাঠে মেসি ছাড়াও ইন্টার মিয়ামির হয়ে গোল করেন জেরমান বেরতেরামে। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন ফাফা পিকাল্ট।
ম্যাচের ৪৫ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে গোল করে মিয়ামিকে এগিয়ে দেন বেরতেরামে। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে বেরতেরামের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
এর চার মিনিট পর, ৬০ মিনিটে সুয়ারেজের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি। ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আটলান্টার হয়ে ব্যবধান কমান পিকাল্ট।
লিগে ৩০ ম্যাচে ১৫ জয়, ১০ ড্র ও পাঁচ হারে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মিয়ামি। ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল, আর ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিউ ইংল্যান্ড।



































