এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন যেভাবে করবেন

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন যেভাবে করবেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৩৪, ১ নভেম্বর ২০২৬

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়েছে আজ রোববার থেকে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

গত ৩০ অক্টোবর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এ জন্য সরাসরি https://rescrutiny.eduboardresults.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আবেদন করতে প্রথমে নির্ধারিত ঘরে পরীক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ড্রপডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাওয়া যাবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থীর সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হবে। এরপর প্রদর্শিত বিষয়ভিত্তিক ফলাফল থেকে যে বিষয় বা বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ফি ১৫০ টাকা। কোনো বিষয়ে দুটি পত্র থাকলে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিষয় নির্বাচন করার পর পরবর্তী ধাপে মোট ফি কত হবে, তা দেখা যাবে।

নির্ধারিত ফি বিকাশ, নগদ, ডাচ্‌-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। অর্থ পরিশোধের বিস্তারিত নির্দেশনা জানতে আবেদন পোর্টালে থাকা ‘পে’ বাটনে ক্লিক করতে হবে।

ফি পরিশোধের পর আবার আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এই ধাপ সম্পন্ন হলেই আবেদন জমা হবে। প্রথমবার আবেদন জমা দেওয়ার পর কোনো শিক্ষার্থী নতুন করে আরও বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে তা করতে পারবেন। তবে নতুন বিষয় যুক্ত করার সময় পুনরায় মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আবেদন সংশোধনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা সংশোধন করতে হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে আগে নির্বাচন করা বিষয়গুলো বাদ দেওয়া যাবে। যেসব বিষয়ের জন্য ফি জমা দেওয়া হয়নি, সেগুলো বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পর নির্বাচিত বিষয় বাতিল করা যাবে না। এ ক্ষেত্রে পরিশোধ করা ফিও ফেরত দেওয়া হবে না। তাই আবেদন করার সময় বিষয় নির্বাচনে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফল পুনর্নিরীক্ষণের জন্য সরাসরি বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করে ৭ নভেম্বরের মধ্যে ফি পরিশোধ ও আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

শেয়ার করুনঃ
Advertisement