অক্টোবরে প্রথম ৩ দিনেই রেমিট্যান্স ২০৬ মিলিয়ন ডলার

অক্টোবরে প্রথম ৩ দিনেই রেমিট্যান্স ২০৬ মিলিয়ন ডলার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৯, ৫ অক্টোবর ২০২৬

অক্টোবরের শুরুতেই বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য গতি দেখা দিয়েছে। চলতি মাসের প্রথম তিন দিনে প্রবাসীরা দেশে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৫৩৩ কোটি ৮০ লাখ টাকা।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছরের অক্টোবরের প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৫ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে মাসের শুরুতেই প্রবাসী আয় প্রায় চার গুণের কাছাকাছি বেড়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের সামগ্রিক হিসাবেও রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।

অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।

সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুযোগ এবং অনুকূল পরিবেশ প্রবাসী আয় বাড়াতে ভূমিকা রাখছে। এই প্রবৃদ্ধির ধারা ধরে রাখা গেলে আগামী দিনগুলোতেও দেশে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement