৪ কোটি টাকার বিতর্কিত লেনদেন: কমার্স ব্যাংকে দেলোয়ার হোসেনের সাময়িক বরখাস্ত নিয়ে প্রশ্ন

৪ কোটি টাকার বিতর্কিত লেনদেন: কমার্স ব্যাংকে দেলোয়ার হোসেনের সাময়িক বরখাস্ত নিয়ে প্রশ্ন দেলোয়ার হোসেন, ছবি: সংগৃহীত।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৭, ১৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশ কমার্স ব্যাংকের ১০০ কোটি টাকার আমানত সংগ্রহকে কেন্দ্র করে ৪ কোটি টাকার কথিত অনিয়মের ঘটনায় ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মো. দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, বিতর্কিত ওই অর্থের কোনো অংশ তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা হয়নি। অর্থ উত্তোলন, গ্রহণ কিংবা বিতরণেও তাঁর প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল না। এমনকি সংশ্লিষ্ট লেনদেনের কোনো ভাউচার বা আর্থিক নথিতে তাঁর স্বাক্ষরও পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। এরপরও তাঁকে সাময়িক বরখাস্ত করায় ব্যাংকের অভ্যন্তরে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে।

ব্যাংকের জিয়া পরিষদ ইউনিটের আহ্বায়ক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নেওয়া এ ব্যবস্থাকে একপাক্ষিক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেকে। তাঁদের অভিযোগ, ৪ কোটি টাকা প্রদানের সিদ্ধান্ত, অনুমোদন, হিসাব স্থানান্তর ও উত্তোলন প্রক্রিয়ায় যাঁদের সরাসরি ভূমিকা ছিল, তাঁদের দায় নির্ধারণ না করেই দেলোয়ার হোসেনকে এককভাবে শাস্তির মুখে ঠেলে দেওয়া হয়েছে। তাঁদের ভাষায়, প্রকৃত দায়ীদের আড়াল করে তাঁকে কার্যত ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে।

ব্যাংকের অভ্যন্তরীণ নথি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, তীব্র তারল্য সংকট মোকাবিলায় পরিচালনা পর্ষদ অনুমোদিত ‘উজ্জীবন-২০২৬’ কর্মসূচির আওতায় গত ৩ জুন গাজীপুর চৌরাস্তা শাখায় ১০০ কোটি টাকা আমানত সংগ্রহ করা হয়। এসটিডি হিসাবে জমা হওয়া ওই আমানতের সুদের হার ছিল ২ দশমিক ৫০ শতাংশ। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আমানত সংগ্রহের বিপরীতে ৪ শতাংশ হারে ৪ কোটি টাকা প্রণোদনা বা আমানত সংগ্রহ ব্যয় হিসেবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এ অর্থ প্রদানের প্রক্রিয়ায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিভিশনের (এফএডি) নির্দেশনা ও অনুমোদনের বিষয়টি উঠে এসেছে। সংশ্লিষ্টদের দাবি, ১৩ জন কর্মকর্তার ব্যাংক হিসাবে অর্থ জমা করা হয়। পরে চেকের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করে নগদায়নের ব্যবস্থা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এমডির নির্দেশে দেলোয়ার হোসেন তাঁর ব্যবহৃত এমডির গাড়িতে চালক ও এমডির একান্ত সচিব (পিএস) হামিদুর রহমানের সঙ্গে গিয়েছিলেন। তবে তিনি নিজে কোনো অর্থ গ্রহণ, উত্তোলন কিংবা বিতরণ করেননি। এমনকি অর্থের পরিমাণ বা অর্থের প্রকৃত অবস্থান সম্পর্কেও তাঁর প্রত্যক্ষ ধারণা ছিল না বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের অডিট কর্মকর্তারা সংশ্লিষ্ট লেনদেনের ভাউচার ও আর্থিক নথিপত্র পরীক্ষা করেছেন বলে সূত্র জানিয়েছে। সংশ্লিষ্টদের দাবি, কোনো ভাউচার বা আর্থিক নথিতে দেলোয়ার হোসেনের স্বাক্ষর পাওয়া যায়নি। তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাবেও বিতর্কিত অর্থ জমা হওয়ার তথ্য নেই।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের প্রশ্ন, এমডির নির্দেশে তাঁর ব্যবহৃত গাড়িতে চালক ও পিএসের সঙ্গে যাওয়া ছাড়া কোনো প্রত্যক্ষ আর্থিক ভূমিকা না থাকলে দেলোয়ার হোসেনকে কেন সাময়িক বরখাস্ত করা হলো? অর্থ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ, অনুমোদন, হিসাব স্থানান্তর এবং উত্তোলনের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের দায় কীভাবে নির্ধারণ করা হচ্ছে?

এদিকে গত ২৮ অক্টোবর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া এক চিঠিতে ১৪ কর্মকর্তা নিজেদের দায়মুক্তির আবেদন জানিয়েছেন। চিঠিতে তাঁদের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করেই তাঁরা পুরো প্রক্রিয়ায় যুক্ত হয়েছিলেন। তাঁদের ব্যাংক হিসাবে প্রণোদনার অর্থ জমা হলেও তাঁরা ব্যক্তিগতভাবে তা গ্রহণ করেননি।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে এমডির একান্ত সচিব হামিদুর রহমান তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের জানানো হয়েছিল, আমানত সংগ্রহের বিপরীতে প্রত্যেকের নামে সার্টিফিকেট ইস্যু করা হবে এবং পুরস্কারের অর্থ নিজ নিজ ব্যাংক হিসাবে জমা হবে। পরে চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করে সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে দিতে বলা হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ ব্যাংক নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে কর্মকর্তারা দাবি করেন, এ ঘটনায় ১২ জনকে সর্বোচ্চ প্রশাসনিক শাস্তি এবং এসইভিপি দেলোয়ার হোসেন ও এসপিও হামিদুর রহমানকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে। তবে তাঁদের বক্তব্য, ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা গ্রহণ না করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার কারণে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অযৌক্তিক।

ব্যাংকের ৩ জুনের একটি অভ্যন্তরীণ নথিতে বলা হয়, তীব্র তারল্য সংকটের কারণে দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, আরটিজিএস, বিইএফটিএন ও ক্লিয়ারিং কার্যক্রম সচল রাখা, সিআরআর ও এসএলআর সংরক্ষণ এবং বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধের জন্য বড় অঙ্কের আমানত সংগ্রহ জরুরি হয়ে পড়েছিল।

ওই নথিতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কর বাবদ ৫৩ কোটি ২০ লাখ টাকা এবং ভ্যাট বাবদ ৩ কোটি ৯৫ লাখ টাকা, অর্থাৎ মোট ৫৭ কোটি ১৫ লাখ টাকা বকেয়া থাকার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি ‘উজ্জীবন’ কর্মসূচির মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। এতে ৫ কোটি টাকা বা তার বেশি পরিমাণ নো-কস্ট ও লো-কস্ট আমানত সংগ্রহে প্রতি ত্রৈমাসিকে শূন্য দশমিক ৭৫ শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত প্রণোদনা দেওয়ার প্রস্তাবও ছিল।

ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে পাঠানো আরেকটি প্রতিবেদনে তারল্য সংকটের কারণ হিসেবে নেতিবাচক প্রচারণা, আমানত উত্তোলন, ব্যাংক একীভূতকরণ নিয়ে অনিশ্চয়তা, আন্তঃব্যাংক কলমানি বাজারে সীমাবদ্ধতা এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আটকে থাকা আমানতের কথা উল্লেখ করা হয়।

প্রতিবেদনের হিসাব অনুযায়ী, সাতটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে মূল আমানত ও সুদসহ কমার্স ব্যাংকের পাওনা ১ হাজার ১৬৮ কোটি ৯৮ লাখ টাকা। অন্যদিকে পাঁচটি ব্যাংকে আটকে রয়েছে ৪১৪ কোটি ৭৭ লাখ টাকা। সব মিলিয়ে ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যাংকটির পাওনার পরিমাণ ১ হাজার ৫৮৩ কোটি ৭৫ লাখ টাকা।

এদিকে জিয়া পরিষদ বাংলাদেশ কমার্স ব্যাংক ইউনিট দেলোয়ার হোসেনের সাময়িক বরখাস্তের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দের দাবি, তাঁর বিরুদ্ধে প্রত্যক্ষ আর্থিক সম্পৃক্ততার প্রমাণ ছাড়াই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁরা অবিলম্বে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার এবং পুরো লেনদেনের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

সংশ্লিষ্টদের মতে, ১০০ কোটি টাকার আমানত সংগ্রহ এবং এর বিপরীতে ৪ কোটি টাকা প্রদানের পুরো প্রক্রিয়ায় কার কী ভূমিকা ছিল, তা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণকারী, অনুমোদনকারী এবং অর্থ উত্তোলন ও বিতরণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায় নির্ধারণ না করে শুধু একজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে প্রকৃত দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা কঠিন হবে।

নাম প্রকাশ না করার শর্তে কমার্স ব্যাংকের এক কর্মকর্তা ভিওডি বাংলাকে বলেন, ১০০ কোটি টাকার আমানত সংগ্রহকে কেন্দ্র করে ৪ কোটি টাকার লেনদেনের ঘটনায় দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অথচ অর্থ গ্রহণ, উত্তোলন কিংবা বিতরণের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না বলে সংশ্লিষ্টরা দাবি করছেন। প্রকৃত ঘটনা ও দায়ীদের চিহ্নিত না করে তাঁকে দায়ী করা হয়েছে। নিজেদের ব্যর্থতা ও দায় আড়াল করতেই তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অভিযোগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অনিয়ম প্রতিরোধ ও দমনে বাংলাদেশ কমার্স ব্যাংককেই কার্যকর ভূমিকা রাখতে হবে। ব্যাংকটির নিজস্ব ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে বাংলাদেশ ব্যাংক তা তদন্ত করে দেখবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশন থেকে কম সুদে ১০০ কোটি টাকা আমানত সংগ্রহের বিনিময়ে ‘আপ্যায়ন’ বাবদ ৪ কোটি টাকা ব্যয়ের বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়দুল হক নিজেই একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে উল্লেখ করেন। পরবর্তী সময়ে পরিচালনা পর্ষদ ওই ব্যয়ের অনুমোদন দেয়। প্রতিবেদনে এভাবে আমানত সংগ্রহের বিষয়টিকে ব্যাংকের সাফল্য হিসেবেও তুলে ধরা হয়।

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল হক এর আগে বলেছিলেন, খুবই কম সুদে গাজীপুর সিটি করপোরেশনের আমানত রাখা হয়েছে। কর্মকর্তারা যে অর্থ পেয়েছেন, তা প্রণোদনা হিসেবেই দেওয়া হয়েছে। এ ধরনের প্রণোদনা প্যাকেজসংক্রান্ত পরিচালনা পর্ষদের সিদ্ধান্তগুলো লিখিত বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে জানানো হবে।

উল্লেখ্য, বাংলাদেশ কমার্স ব্যাংক একসময় ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর একটি হিসেবে আলোচনায় ছিল। ব্যাংকটির অর্ধেকের বেশি শেয়ার সরকারের হাতে রয়েছে। সম্প্রতি ব্যাংকটির আর্থিক অবস্থা ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে।

 
শেয়ার করুনঃ
Advertisement