গুলিস্তানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা
Published : ১২:২৬, ২৪ অক্টোবর ২০২৬
রাজধানীর গুলিস্তানে মতিউর রহমান পার্কের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) অভি জানান, সকাল সাড়ে ৬টার দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনের ফুটপাতে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সার্জেন্ট আহাদ বক্স পুলিশ ফাঁড়ির টহল সদস্যরা বিষয়টি পুলিশকে জানান। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৮টা ১০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই অভি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তার আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় পরিচয় জানার চেষ্টা চলছে।



































