মোহাম্মদপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
Published : ১০:৪৩, ২২ অক্টোবর ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা উদ্যানের ‘সি’ ব্লকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং মিছিল-মিটিং আয়োজনের উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জালাল উদ্দিন (৩২), মো. নাঈম হাসান ডালিম (৩২), মো. মাহমুদুল হাসান মামুন (৩৪) ও মো. আল-আমিন (৩৫)।
তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশ সূত্রে জানা গেছে, জালাল উদ্দিন ময়মনসিংহের ভালুকা উপজেলার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য। নাঈম হাসান ডালিম হবিরবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মাহমুদুল হাসান মামুন একই ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। অন্যদিকে, আল-আমিন হবিরবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য।
পুলিশের দাবি, গ্রেপ্তার চারজন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ বজায় রাখছিলেন। ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানো ও বিভিন্ন মিছিল-মিটিং আয়োজনের পরিকল্পনা নিয়ে তারা মোহাম্মদপুরে অবস্থান করছিলেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


































