বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম ঢাকা, সবচেয়ে দূষিত গুলশান লেক পার্কের বাতাস
Published : ১০:৪১, ২০ অক্টোবর ২০২৬
বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৬, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। রাজধানীর বিভিন্ন এলাকার মধ্যে সবচেয়ে বেশি দূষণ রেকর্ড করা হয়েছে গুলশান লেক পার্ক এলাকায়, যেখানে একিউআই স্কোর ছিল ১৭৯।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক দূষিত শহরের তালিকায় ২০১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ২০০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। তৃতীয় স্থানে থাকা মালয়েশিয়ার কুয়ালালামপুরের স্কোর ১৯৯ এবং চতুর্থ স্থানে ভারতের মুম্বাইয়ের স্কোর ১৮১।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সিঙ্গাপুর, যার একিউআই স্কোর ১৬৮। ১৬৭ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে কঙ্গোর রাজধানী কিনশাসা। ঢাকার সমান ১৬৬ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে ভারতের কলকাতা। অন্যদিকে, ১৫৮ স্কোর নিয়ে নবম স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ১৫৬ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে বাহরাইনের মানামা।
গুলশান ও বারিধারায় দূষণের মাত্রা বেশি
আইকিউএয়ারের রিয়েল-টাইম পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকার বিভিন্ন এলাকায় বায়ুদূষণের মাত্রায় পার্থক্য রয়েছে। গুলশান লেক পার্কে একিউআই স্কোর ১৭৯, যা পর্যবেক্ষণ করা এলাকাগুলোর মধ্যে সর্বোচ্চ। এরপর রয়েছে বারিধারা লেকসাইড, যেখানে স্কোর ১৭৬। উত্তর বাড্ডার আবদুল্লাহবাগে ১৭৪ স্কোর নিয়ে দূষণের মাত্রা তৃতীয় সর্বোচ্চ।
রাজধানীর অন্যান্য এলাকার মধ্যে ইস্টার্ন হাউজিংয়ে একিউআই স্কোর ১৬৭ এবং বিআইডিএস আউটডোরে ১৬৫। বেচারাম দেউড়িতে স্কোর ১৬৩, বে’স এজওয়াটারে ১৬২ এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ১৫৮ রেকর্ড করা হয়েছে।
তুলনামূলকভাবে কম দূষণ দেখা গেছে গুলশান-২-এর রব ভবনের সামনে, যেখানে একিউআই স্কোর ১৩৪। তবে এই মাত্রার বাতাসও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। অন্যদিকে, খিলগাঁওয়ের গোড়ান এলাকায় স্কোর ছিল ৭৯, যা মাঝারি মানের বায়ু নির্দেশ করে।
একিউআই স্কোরের অর্থ কী
আন্তর্জাতিক বায়ুমান সূচকের মানদণ্ডে শূন্য থেকে ৫০ স্কোরের বাতাসকে ভালো এবং ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বলা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরের বাতাস সাধারণভাবে সবার স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বাতাসকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ স্কোর হলে ঝুঁকিপূর্ণ বা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির পর্যায় হিসেবে গণ্য করা হয়। বায়ুদূষণের এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টে আক্রান্তদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষকে বাইরে চলাফেরা যথাসম্ভব কমানোর পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।



































