ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮
Published : ১০:৫৩, ২৫ অক্টোবর ২০২৬
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য, জাল টাকা, বিভিন্ন সরঞ্জাম ও যানবাহনসহ বেশ কিছু সামগ্রী জব্দ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এর আগের দিন শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের হিসাবে সবচেয়ে বেশি ১৭৮ জন ধরা পড়েছেন মিরপুর বিভাগে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০০ জন, ওয়ারী ও মতিঝিল বিভাগে ৭১ জন করে, গুলশান বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৪২ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির একটি অংশ, তিনটি চাকু ও আটটি রড। এ ছাড়া ৯ হাজার ৫৮টি ইয়াবা, দুই গ্রাম হেরোইন এবং গাঁজাও জব্দ করা হয়েছে।
অন্যান্য উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১২টি মোবাইল ফোন, ২০০ টাকার ৩২০টি জাল নোট, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস ও একটি কিবোর্ড। অভিযানে নগদ ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।



































