চ্যানেল এস-এর পরিচালক (নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স) হিসেবে যোগ দিলেন রেজোয়ানুল হক 

চ্যানেল এস-এর পরিচালক (নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স) হিসেবে যোগ দিলেন রেজোয়ানুল হক  রেজোয়ানুল হক, ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:৪৮, ১৬ জুন ২০২৬

দেশের সম্প্রচার সাংবাদিকতা ও সংবাদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অভিজ্ঞ গণমাধ্যম ব্যক্তিত্ব রেজোয়ানুল হক  স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এ পরিচালক (নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স) হিসেবে যোগ দিয়েছেন।
দেশের নিউজ মিডিয়া ইন্ডাস্ট্রিতে প্রবীণ সাংবাদিকদের মধ্যে রেজোয়ানুল হক একজন সুপরিচিত নাম। সাংবাদিকতা পেশায় সততা, নিরপেক্ষতা, নেতৃত্ব এবং প্রতিষ্ঠান গড়ে তোলার দক্ষতার জন্য তিনি দীর্ঘদিন ধরে সহকর্মী ও গণমাধ্যম অঙ্গনে সমাদৃত।
তিনি ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর সাবেক চেয়ারম্যান, জাতীয় প্রেসক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার হিসেবে প্রায় পাঁচ বছর, দৈনিক জনকণ্ঠের চিফ রিপোর্টার হিসেবে প্রায় ১১ বছর ৯ মাস এবং এনটিভির নিউজ এডিটর হিসেবে প্রায় ৪ বছর ৮ মাস দায়িত্ব পালন করেন। এছাড়া নভেম্বর ২০১০ সাল থেকে দীর্ঘ সময় মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করে সম্প্রতি বিদায় নেন।
গণমাধ্যম সংশ্লিষ্টরা মনে করছেন, রেজোয়ানুল হকের মতো একজন অভিজ্ঞ ও দক্ষ সংবাদকর্মীর যোগদান চ্যানেল এস-এর সংবাদ বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও পেশাদার দিকনির্দেশনায় চ্যানেলটির সংবাদ পরিবেশনা আরও বস্তুনিষ্ঠ, আধুনিক ও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
চ্যানেল এস পরিবারে যোগদান উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।


 

শেয়ার করুনঃ
Advertisement