ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) পদে পদোন্নতি পেলেন শাবাব করিম চৌধুরী
Published : ১১:৪৪, ১৬ জুন ২০২৬
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেনডেন্ট টেলিভিশন-এর প্রধান বিপণন কর্মকর্তা (চিফ মার্কেটিং অফিসার -সিএমও) হিসেবে পদোন্নতি পেয়েছেন শাবাব করিম চৌধুরী।
গণমাধ্যম, বিপণন, ব্র্যান্ড উন্নয়ন ও করপোরেট কমিউনিকেশন খাতে এক দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন শাবাব করিম চৌধুরী দীর্ঘদিন ধরে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপ-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছেন।
নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি ইন্ডিপেনডেন্ট টেলিভিশন-এ বিক্রয় ও বিপণন বিভাগের হেড হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি বেক্সিমকো ৩৬০-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি বেক্সিমকো গ্রুপের অভ্যন্তরীণ মিডিয়া বাইং এজেন্সি, যা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের মিডিয়া এনগেজমেন্ট, জনসংযোগ (পিআর), ডিজিটাল কমিউনিকেশন ও ব্র্যান্ড কার্যক্রম তদারকি করে।
তার কর্মজীবনে তিনি ঢাকা ডায়নামাইটস ক্রিকেট দলের ব্র্যান্ড উন্নয়ন, দ্য ডেইলি ইন্ডিপেনডেন্ট পত্রিকার রি-ব্র্যান্ডিং সহ বিভিন্ন কৌশলগত প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মিডিয়া সেলস, মার্কেটিং, ডিজিটাল স্ট্র্যাটেজি এবং ব্র্যান্ড ম্যানেজমেন্টে তার দক্ষতা তাকে দেশের মিডিয়া ও করপোরেট খাতে সুপরিচিত করেছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ ডিগ্রি অর্জনকারী শাবাব করিম চৌধুরীর নেতৃত্বে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বিপণন কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সম্প্রসারণে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

































