সিসিআই বাংলাদেশের ডিস্ট্রিবিউটরদের জন্য কো-ব্র্যান্ডেড এসএমই ক্রেডিট কার্ড চালু
Published : ১৬:৪০, ২৫ আগস্ট ২০২৬
সিসিআই বাংলাদেশের ডিস্ট্রিবিউটরদের জন্য কো-ব্র্যান্ডেড এসএমই ক্রেডিট কার্ড চালু করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি, মাস্টারকার্ড, সিসিআই বাংলাদেশ ও এসএসএল কমার্জ। বিশেষভাবে তৈরি এই কার্ডের মাধ্যমে ডিস্ট্রিবিউটররা সহজে ব্যবসায়িক অর্থ ব্যবস্থাপনা, নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনার সুবিধা পাবেন।
সিসিআই বাংলাদেশ কোকা-কোলা কোম্পানির পানীয় উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা ইচেজেক (সিসিআই)-এর অংশ।
উদ্যোগটির আওতায় দেশের শহর ও গ্রামাঞ্চলে সিসিআই বাংলাদেশের প্রায় ২০০ ডিস্ট্রিবিউটর প্রয়োজনীয় অর্থের সুবিধা পাবেন। দৈনন্দিন ব্যবসায়িক ব্যয়, পণ্য কেনা ও অন্যান্য পরিচালন ব্যয় মেটানোর পাশাপাশি ব্যবসা সম্প্রসারণেও কার্ডটি সহায়ক হবে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানিয়েছে।
কার্ডটিতে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত ক্রেডিট সুবিধা রাখা হয়েছে। এর মাধ্যমে ডিস্ট্রিবিউটররা দৈনন্দিন খরচ ও ক্যাশ ফ্লো ব্যবস্থাপনা আরও সহজভাবে করতে পারবেন।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে ডিস্ট্রিবিউটরদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিরাপদ পেমেন্ট ও ক্রেডিট সুবিধার মাধ্যমে এ উদ্যোগ দেশের ডিস্ট্রিবিউশন খাতের ডিজিটাল রূপান্তর এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সেকান্দার-ই-আজম বলেন, পরিবর্তনশীল আর্থিক চাহিদা পূরণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য কার্যকর সমাধান দিতে ব্যাংকটি কাজ করছে। এই কো-ব্র্যান্ডেড এসএমই ক্রেডিট কার্ড সিসিআই বাংলাদেশের ডিস্ট্রিবিউটরদের কার্যকর মূলধন ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি ব্যবসা পরিচালনায় আরও স্বাচ্ছন্দ্য দেবে।
সিসিআই বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শাদাব আহমেদ খান বলেন, দেশজুড়ে ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দিতে ডিস্ট্রিবিউটরদের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন আর্থিক সমাধান তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও কার্যকর করা এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহায়তা করবে।
এসএসএল কমার্জের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম বলেন, উদ্যোগটির মাধ্যমে প্রযুক্তি, ব্যাংকিং ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সমন্বয়ে একটি নিরাপদ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এসএসএল কমার্জ এই উদ্যোগে ডিজিটাল পেমেন্টের প্রযুক্তিগত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতে, এই উদ্যোগ দেশের এসএমই খাতে উদ্ভাবনী আর্থিক সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধি এবং আরও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি গঠনে ভূমিকা রাখবে।


































