কিশোরগঞ্জে যুবক হত্যার পর অভিযুক্তের বাড়িতে আগুন, পুড়ল ৩ ঘর

কিশোরগঞ্জে যুবক হত্যার পর অভিযুক্তের বাড়িতে আগুন, পুড়ল ৩ ঘর ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

Published : ১৬:১৮, ২৭ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জে ইমরান হাসান নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বসতঘরসহ তিনটি ঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সদর উপজেলার প্যারাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সোমবার সন্ধ্যায় একই এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত হন ইমরান হাসান (৩৫)।

নিহত ইমরান হাসান সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কালাম (৩০) প্যারাভাঙ্গা এলাকার নূর ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালামের কাছে পাওনা দুই হাজার ৪০০ টাকা চাইতে গেলে ইমরানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালামের ছুরিকাঘাতে ইমরান গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের নতুন জেলখানা মোড়ে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় তাঁরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে উত্তেজিত লোকজন অভিযুক্ত আবুল কালামের বাড়িতে গিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। এতে বসতঘরসহ তিনটি ঘর পুড়ে যায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ
Advertisement