বিদেশে উচ্চশিক্ষার ব্যাংকিং সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের সমঝোতা স্মারক স্বাক্ষর
Published : ১৮:৩৪, ১৮ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা সহজ করতে এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স লেনদেনে উৎসাহিত করতে- নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এই অংশীদারত্বের আওতায় কমিউনিটি ব্যাংকের আর্থিক সেবা ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের শিক্ষার্থী পরামর্শসেবা নেটওয়ার্কের সমন্বয়ে বিদেশে পড়াশোনার জন্য প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করা শিক্ষার্থী ও তাঁদের পরিবারের জন্য আরও সহজ হবে। শিক্ষার্থীদের ব্যাংকের সঙ্গে সংযুক্ত করা, স্টুডেন্ট ফাইল প্রক্রিয়াকরণ এবং তাঁদের প্রয়োজনভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন পর্যায়ে সহায়তা করবে এই উদ্যোগ।
গ্রাহকের সময়োপযোগী চাহিদা পূরণের পাশাপাশি ব্যাংকের প্রবৃদ্ধি এগিয়ে নিতে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। এই উদ্যোগ- তাঁর সেই কৌশলগত দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। বিদেশে উচ্চশিক্ষাসংশ্লিষ্ট ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক আর্থিক সেবায় আরও বেশি মানুষকে সংযুক্ত করতে চায় কমিউনিটি ব্যাংক।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামীম মুর্শেদ। অনুষ্ঠানে ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, বোর্ড সেক্রেটারিয়েট সাইফুল আলম, এফসিএসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করে, এই অংশীদারত্বের ফলে উচ্চশিক্ষাসংশ্লিষ্ট ব্যাংকিং সেবা আরও সহজলভ্য ও সুসমন্বিত হবে। শুধু তাই নয়; সুবিধাজনক ব্যাংকিং সেবা এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে আন্তর্জাতিক রেমিট্যান্স লেনদেনের মাধ্যমে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়তা করার যৌথ অঙ্গীকার তুলে ধরবে।


































