ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টুকে পুলিশি হেফাজতে

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টুকে পুলিশি হেফাজতে ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি

Published : ১৫:০২, ২৭ অক্টোবর ২০২৬

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সংসদ সদস্য আজিজুর রহমান আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, শাকিলের মৃত্যুর পর সোমবার (২৬ অক্টোবর) রাতে ঢাকায় তাঁকে হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানান, শাকিল হত্যা মামলায় মিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে, শাকিলের মৃত্যুর খবরে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যার বিচার এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন শাকিল। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার পিজি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর রাতে হেলমেট পরা মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর হামলা চালায়। এ সময় তারা দুই রাউন্ড গুলি ছোড়ে। শাকিল পালানোর চেষ্টা করলে শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুনঃ
Advertisement