রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের নতুন ইউরেনিয়াম চালান

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের নতুন ইউরেনিয়াম চালান ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি

Published : ১২:২০, ২৭ অক্টোবর ২০২৬

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে।

বহরটির নিরাপত্তায় নেতৃত্ব দেয় বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তা কার্যক্রমে অংশ নেন।

এর আগে চলতি মাসের ৩ ও ২৭ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের চালান আনা হয়। এসব চালানের মধ্যে প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা জ্বালানি রয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর গত ১১ অক্টোবর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া সফলভাবে শুরু হয়। প্রথম ইউনিটে এই বিক্রিয়া শুরু হওয়াকে কেন্দ্রটির কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। শিগগিরই কেন্দ্রটিতে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

২০১৩ সালে নির্মাণকাজ শুরু হওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট। সব মিলিয়ে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি।

শেয়ার করুনঃ
Advertisement