বিকিনির বদলে নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি, প্রশংসায় নেটদুনিয়া
Published : ১২:০১, ২৩ নভেম্বর ২০২৬
চাইলেই অন্য প্রতিযোগীদের মতো বিকিনি পরে সুইমস্যুট পর্বে অংশ নিতে পারতেন সামিরা খান মাহি। তবে ব্যতিক্রমী উপস্থাপনায় নজর কাড়লেন বাংলাদেশের এই প্রতিযোগী। মিস ইউনিভার্সের অন্যতম আলোচিত সুইমস্যুট পর্বে পুরো শরীর ঢাকা ফিটিং নীল পোশাকে হাজির হয়ে প্রশংসা পাচ্ছেন তিনি।
এই পর্বে অধিকাংশ প্রতিযোগীকে বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে দেখা গেলেও মাহি বেছে নেন ফুলহাতা নীল পোশাক। এর সঙ্গে ছিল লম্বা নীল কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পোশাক ও উপস্থাপনার ভিন্নতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।
স্থানীয় সময় রোববার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এই পর্বের ছবি ও ভিডিও প্রকাশ করেন মাহি। এক পোস্টে তিনি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও জানান তিনি।
মাহির এই ভিন্নধর্মী উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, বিকিনি ছাড়াও বিশ্বমঞ্চে দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। আরেকজন তার সুইমস্যুট ওয়াকের প্রশংসা করে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য শুভকামনা জানিয়েছেন।
এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও ভিন্নভাবে বাংলাদেশকে তুলে ধরেন সামিরা খান মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে উপস্থাপন করেন তিনি। পোশাকের মাধ্যমে তুলে ধরেন মাতৃত্বের বার্তা।
উল্লেখ্য, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। সেদিন ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং পরানো হবে মিস ইউনিভার্সের মুকুট।

































