জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Published : ১০:২৫, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ফুল দিয়ে দুই নেতার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত বিএনপি মঙ্গলবার ৪৮ বছরে পা দিয়েছে। দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে এবার নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি।
একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। ফলে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিশেষ উদ্দীপনা তৈরি হয়েছে।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ সময় পর রাষ্ট্রক্ষমতায় ফিরে বিএনপি।
দলের নেতাদের কাছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিক উদযাপন নয়; বরং দীর্ঘ বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর নিজেদের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের সক্ষমতা দেখানোরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
একদিকে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর রাষ্ট্রক্ষমতায় ফেরার আনন্দ, অন্যদিকে জনগণের প্রত্যাশা পূরণ ও রাষ্ট্র পরিচালনার বড় দায়িত্ব—এই দুই বাস্তবতার মধ্যেই বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।

































