মামলা-হামলা ও জেল-জুলম সহ্য করে আজ রাষ্ট্রীয় ক্ষমতায়: খাদ্যমন্ত্রী
Published : ১০:৫৮, ২ সেপ্টেম্বর ২০২৬
বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার বিএনপিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, মামলা-হামলা, জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন ও দমন-পীড়ন সহ্য করেও বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন। তাদের সেই ঐক্যের কারণেই আজ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের স্বাধীনতা চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ অনেক আশা নিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছেন। তাই দেশ গঠনে নেতাকর্মীদের মনোযোগী হতে হবে। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে সরকার ও দলকে সহযোগিতা করতে হবে।
এর আগে স্বাধীনতা চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। এছাড়া বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, নূরতাজ আলম বাহারসহ অনেকে।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এস এ জিন্নাহ কবির বলেন, অতীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে নেতাকর্মীরা হয়রানির শিকার হয়েছেন। মিথ্যা মামলায় অনেককে জেলে নেওয়া হয়েছে এবং দলকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। এখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণে কাজ করা নেতাকর্মীদের দায়িত্ব।

































