নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মায় ইলিশ বিক্রি, শিবচরের নদীপাড়ে জমজমাট হাট

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মায় ইলিশ বিক্রি, শিবচরের নদীপাড়ে জমজমাট হাট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৩, ১৮ অক্টোবর ২০২৬

ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকরের দশ দিন পেরিয়ে গেলেও মাদারীপুরের শিবচরে পদ্মার তীরে ইলিশ বিক্রি অব্যাহত রয়েছে। নদী থেকে ধরা তাজা ইলিশ কিনতে শিবচরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা ভিড় করছেন এসব অস্থায়ী বাজারে। এতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা নিয়েও প্রশ্ন উঠছে।

শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা এবং চরজানাজাত ইউনিয়নের হীরাখাঁর বাজারসংলগ্ন পদ্মার তীর ইলিশ বিক্রির উল্লেখযোগ্য দুটি স্থান। প্রতিদিন সকাল ও বিকেলে সেখানে অস্থায়ী মাছের হাট বসে। তবে দিনের অন্যান্য সময়েও এসব এলাকায় ইলিশ পাওয়া যায় বলে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে।

এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদ্মা নদীতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। শিবচর উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, গত দশ দিনে পদ্মা নদী থেকে ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময়ে ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। পাশাপাশি ১২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিরসূরা বাজারের পদ্মাপাড়ে সড়কপথে যাতায়াত করা যায়। অন্যদিকে হীরাখাঁর বাজারসংলগ্ন নদীর তীরে পৌঁছাতে পদ্মার একটি অংশ পার হতে হয়। দুর্গম চরাঞ্চলে অবস্থিত হওয়ায় এসব এলাকায় প্রশাসনের অভিযান তুলনামূলক কম দৃশ্যমান বলে স্থানীয়দের ভাষ্য। এই সুযোগে নদী থেকে ধরা ইলিশ সেখানে বিক্রি হচ্ছে এবং ক্রেতারাও চরাঞ্চলে গিয়ে মাছ কিনছেন।

এসব বাজারে ইলিশের দাম মাছের আকারভেদে ভিন্ন হয়ে থাকে। সেখানে এক থেকে দেড় কেজি ওজনের পাশাপাশি দুই কেজি ওজনের ইলিশও পাওয়া যাচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement