জয়পুরহাটে সার ডিলারশিপ বণ্টন নিয়ে বিএনপি নেতার অভিযোগ, দলে আলোচনা-সমালোচনা

জয়পুরহাটে সার ডিলারশিপ বণ্টন নিয়ে বিএনপি নেতার অভিযোগ, দলে আলোচনা-সমালোচনা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০৭, ১৮ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে সার ডিলারশিপ বণ্টনে আত্মীয়স্বজনকে অগ্রাধিকার দেওয়া এবং দলের নির্যাতিত নেতা-কর্মীদের বঞ্চিত করার অভিযোগ তুলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে ফয়সাল আলিম ল্যাপটপ বণ্টন এবং বিভিন্ন প্রকল্পে অর্থের ভাগ নেওয়া নিয়েও অভিযোগ করেন। তিনি লেখেন, ‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন। গত ছয় মাসে ২০ থেকে ৩০ শতাংশ করে ‘খাওয়া’ শেষ হয়েছে। এখন আর কিছুই নেই। তাই ‘খাওয়া’ স্থগিত হয়ে গেছে।’

সার ডিলারশিপ বণ্টন নিয়ে ফয়সাল আলিমের অভিযোগ, দলের নির্যাতিত নেতা-কর্মীদের কাউকে এ সুযোগ দেওয়া হয়নি। বরং ডিলারশিপ পেয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের স্ত্রী, ভাই, ছেলে, মেয়ে ও শাশুড়িসহ আত্মীয়স্বজন। স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, ‘আমি তো অবাক নয়নে দেখে যাচ্ছি আমাদের জয়পুরহাটের কী হবে?’

এ বিষয়ে ফয়সাল আলিম বলেন, ‘কারা ল্যাপটপ ভাগাভাগি করল, সেটি জয়পুরহাটবাসী জানে। আবার বিভিন্ন প্রকল্পের পারসেন্টেজের বিষয়টিও জানে। সত্যি কথা বলতে হবে।’

সার ডিলারশিপ বরাদ্দের প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্প্রতি সারের ডিলার কারা পেয়েছেন, সেটিও প্রকাশ হয়েছে। কেউ শাশুড়ির নামে, কেউ শ্যালকের নামে নিয়েছেন। দলে কি নেতা-কর্মীর অভাব ছিল? তারা পেলেন না কেন?’

নিজের বক্তব্যের ব্যাখ্যায় ফয়সাল আলিম দাবি করেন, তাঁর স্ট্যাটাস দলের বিরুদ্ধে নয়, বরং দলের স্বার্থেই দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি স্ট্যাটাস দিয়ে দলের বিরুদ্ধে নয়, দলের পক্ষে কথা বলেছি। কারণ দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেন না।’

জয়পুরহাটে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ফয়সাল আলিম। তাঁর বক্তব্য, এসব অনিয়মের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে, ফয়সাল আলিমের ফেসবুক স্ট্যাটাস নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। তিনি বলেন, ‘আমি ফয়সাল আলিম সাহেবের ফেসবুকের স্ট্যাটাস দেখেছি। আমার স্ট্যাটাস পড়তে রুচিতে বেঁধেছে। অথচ কেউ স্ট্যাটাস দিল, তার কিছুই মনে হয়নি।’

শেয়ার করুনঃ
Advertisement