সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা দ্রুত শুনানির উদ্যোগ
Published : ১৬:৫৩, ১৮ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জের সাত খুন, মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানি দ্রুত শুরু করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। হাইকোর্টের রায়ের পর দীর্ঘদিন ধরে আপিল বিভাগে বিচারাধীন থাকা আলোচিত এ তিন মামলার শুনানি এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
রোববার (১৮ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল বলেন, অবকাশকালীন ছুটি শেষে আদালতের কার্যক্রম শুরু হলে মামলাগুলোর দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে।
নারায়ণগঞ্জের সাত খুন মামলায় ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় দেন। ওই রায়ে বিচারিক আদালতের দেওয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এরপর থেকে মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্ট ২০২৫ সালের ২ জুন রায় ঘোষণা করেন। এতে টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। হাইকোর্টের রায়ের পর মামলাটিও আপিল বিভাগে শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।
অন্যদিকে, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট রায় দেন। ওই রায়ে বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। এ মামলাটিও বর্তমানে আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে।































