নাটোরে ‘জয় বাংলা’ স্লোগানে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগানে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধি

Published : ১১:৩৩, ১৬ নভেম্বর ২০২৬

নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ও শতাধিক ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে তিনটি মাইক্রোবাসে আসা ২০ থেকে ২৫ জনের একটি দল নাটোর-বনপাড়া মহাসড়কে এ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাত ১১টার দিকে দত্তপাড়া বাজার এলাকায় তিনটি মাইক্রোবাস নিয়ে আসে দলটি। গাড়ি থেকে নেমে কিংবা গাড়ির আশপাশ থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে তারা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটায়। একই সঙ্গে মুহুর্মুহু গুলিবর্ষণ করে। তাদের ছোড়া ফাঁকা গুলির সংখ্যা শতাধিক বলে দাবি করেছেন স্থানীয়রা।

হঠাৎ বিস্ফোরণ ও গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় দ্রুত দত্তপাড়া বাজারের দোকানপাট ও আশপাশের এলাকা জনশূন্য হয়ে যায়।

ঘটনার পর দুর্বৃত্তরা আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মাইক্রোবাসে করে নাটোর-বনপাড়া মহাসড়ক ধরে বনপাড়ার দিকে চলে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানিয়েছেন, কারা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুনঃ
Advertisement