সোনারগাঁয়ে বাস-ট্রাকে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

সোনারগাঁয়ে বাস-ট্রাকে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৭, ১৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক ঘটনায় একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় এশিয়ান হাইওয়েতে একটি ট্রাকে এবং সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়।

আগুনে যানবাহন দুটির অধিকাংশ পুড়ে গেছে। তবে বাসের যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকের চালক ও হেলপারও প্রাণে রক্ষা পেয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক এবং কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা খড়বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) বৃহস্পতিবার ভোরে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মীরেরটেক বাজার জামে মসজিদ এলাকায় পৌঁছায়। সেখানে খড় খালাসের অপেক্ষায় রাস্তার পাশে ট্রাকটি থামিয়ে চালক ও হেলপার ঘুমিয়ে পড়েন।

ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে ঘুম থেকে ডেকে জানান, কিছুক্ষণ আগে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে।

এ সময় চালক ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে কাঁচপুর ব্রিজ এলাকায় তিশা পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসে থাকা যাত্রীরা নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরানো হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

 
শেয়ার করুনঃ
Advertisement