আ.লীগের নাশকতার শঙ্কায় বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, বসছে এআই ক্যামেরা
Published : ১২:৩১, ১৯ নভেম্বর ২০২৬
দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই মধ্যে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের অংশ বা ল্যান্ডসাইডে নজরদারি বাড়াতে সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরসংলগ্ন ফ্লাইওভারে রাতভর পুলিশের অবস্থান, টহল এবং যানবাহন তল্লাশি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় এয়ারসাইড ও টার্মিনাল ভবনের পাশাপাশি ল্যান্ডসাইডকেও প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বেবিচক, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মধ্যে সমন্বয় বাড়ানো হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, বিমানবন্দরের ভেতরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাইরের এলাকার দায়িত্বে পুলিশ এবং প্রবেশপথে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে এপিবিএন। তবে এসব সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শাহজালাল বিমানবন্দরের গেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে রাত সোয়া ১০টার দিকে বিমানবন্দরের পাশের জসিমউদ্দিন রোডে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিমানবন্দর বিআরটি উড়ালসেতু থেকে গোলচত্বরের বাইরের গেটে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে চার পথচারী আহত হন।
এর আগে গত ১০ নভেম্বর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে দুটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন এক পথচারী। পরে বিমানবন্দর থানা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় বিমানযাত্রীসহ সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে ৬ নভেম্বর শাহজালাল বিমানবন্দরের গোলচত্বরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এসব ঘটনার পর বিমানবন্দরের বাইরের নিরাপত্তা জোরদারে তৎপরতা বাড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে ফ্লাইট পরিচালনা হয় না—এমন বিমানবন্দরেও টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরের ফ্লাইওভারে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পুলিশের অবস্থান নিশ্চিত করতে বিমানবন্দর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের এলাকাতেও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিমানবন্দরে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির গোয়েন্দা তথ্য নেই এবং রেড অ্যালার্টও জারি করা হয়নি। নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না বলেও জানান তিনি।
বেবিচক-পুলিশ বৈঠক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বুধবার পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। বৈঠকে বিমানবন্দরের ল্যান্ডসাইড, প্রবেশপথ, ফ্লাইওভার ও আশপাশের সড়কে নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনা বিমানবন্দরের বাইরের এলাকার নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। বিশেষ করে ফ্লাইওভার ও সংযোগ সড়ক ব্যবহার করে নাশকতার চেষ্টা, বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী ও যানবাহনের নিরাপত্তা এবং ল্যান্ডসাইডে সন্দেহজনক তৎপরতা ঠেকাতে টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।
বিমানবন্দরের আশপাশে চলাচল পর্যবেক্ষণে এআই ক্যামেরা স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে। পুলিশ ও এপিবিএন নিজস্ব উদ্যোগে ক্যামেরা স্থাপন করবে। তৃতীয় টার্মিনালের ল্যান্ডসাইড এলাকাকেও এ নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, পুলিশের চেকপোস্ট, টহল ও নজরদারি বাড়ানো হচ্ছে। বিমানবন্দরসংলগ্ন ফ্লাইওভারগুলোতে স্থায়ী নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে।
বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিমানবন্দরের এয়ারসাইড ও টার্মিনাল ভবনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হয়। এখন ল্যান্ডসাইডকেও এ ব্যবস্থার আওতায় আনা প্রয়োজন। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ফুটেজ বিশ্লেষণ করে কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতাও কমতে পারে।
তিনি আরও বলেন, বিমানবন্দরের টার্মিনাল ও অ্যাপ্রোন এলাকায় নিরাপত্তা বজায় রয়েছে। তবে বাইরের কোনো পরিস্থিতি যাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তায় প্রভাব ফেলতে না পারে, সে জন্য ল্যান্ডসাইডে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।





























