পাবনা-ঢাকা রুটে ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজ
Published : ১৩:০১, ১৯ নভেম্বর ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার থেকে পাবনা-ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন সার্ভিস। এ রুটে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে দুটি ট্রেন চলাচল শুরু করবে।
এ উপলক্ষে পাবনা রেলস্টেশন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগার এবং পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাবনা-ঢাকা-পাবনা রুটে প্রতিদিন দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। এর মধ্যে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’-এর ট্রেন নম্বর ৮০৮ এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর ট্রেন নম্বর ৮০৭।
নতুন এ ট্রেন সার্ভিস চালুর মধ্য দিয়ে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। একই সঙ্গে রাজধানী ঢাকার সঙ্গে পাবনার রেল যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
































