‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৬, ১৯ নভেম্বর ২০২৬

রাজধানীর তুরাগ এলাকার একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর তুরাগের ১৮ নম্বর সেক্টর থেকে তাঁকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হলে গ্রুপের সদস্যরা সমালোচনার মুখে পড়েন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে নেতিবাচক অবস্থান নেওয়ার অভিযোগে ওই গ্রুপের সদস্য হিসেবে জ্যোতিকা জ্যোতির নামও আলোচনায় আসে।

পরবর্তী সময়ে ফেসবুক লাইভে এসে জ্যোতি দাবি করেন, ঢাকার পরিস্থিতি জানাতেই তিনি ওই গ্রুপে তথ্য শেয়ার করতেন।

এ বিতর্কের জেরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সহকর্মীদের বাধার মুখে পড়েন তৎকালীন পরিচালক জ্যোতিকা জ্যোতি। পরে ১ অক্টোবর তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

এ ছাড়া ২০২৬ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগের তালিকায়ও তাঁর নাম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 
শেয়ার করুনঃ
Advertisement