‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’: সংসদে তারেক রহমান
Published : ০২:১৫, ১৯ নভেম্বর ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগান পুনরায় উচ্চারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘আজ আবারও সেই আওয়াজ তুলে বলতে চাই—ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’
তারেক রহমান বলেন, দেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র প্রতিহত করতে দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পলাতক ফ্যাসিস্ট চক্র দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র করছে। স্বাস্থ্য খাতের মতো দেশের তৈরি পোশাকশিল্পকেও ধ্বংস করে অন্য একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। তবে জনগণ আর কোনো তাঁবেদার শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেবে না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট চক্র যেভাবে দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে মানুষকে একটি বিশেষ দেশে চিকিৎসা নিতে বাধ্য করেছিল, একইভাবে গত ৫০ বছরে শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করছে।
মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে লাখো মানুষের প্রাণের বিনিময়ে এবং ২০২৪ সালে হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। কারও বশ্যতা স্বীকার করার জন্য তারা স্বাধীনতা অর্জন বা রক্ষা করেনি।
পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকানো এবং তাঁবেদারি রুখতে সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অধিবেশনের সমাপনী বক্তব্যে স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তাঁবেদার শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সফলভাবে পরিচালনার জন্য স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা এবং সংসদ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।































