পিরোজপুর থেকে টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের শোডাউন, গোপালগঞ্জ যাওয়ার হুঁশিয়ারি

পিরোজপুর থেকে টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের শোডাউন, গোপালগঞ্জ যাওয়ার হুঁশিয়ারি পিরোজপুর থেকে টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:২৬, ১৯ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ড, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা এবং পিরোজপুরের বিভিন্ন এলাকায় নাশকতার প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পিরোজপুর শহর থেকে শুরু হওয়া এ কর্মসূচি নাজিরপুর উপজেলার টুঙ্গিপাড়া সীমান্তবর্তী মালিখালী ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত হয়।

কর্মসূচি চলাকালে প্রয়োজন হলে এবং দলীয় নির্দেশনা পেলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জ যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার।

প্রথমে পিরোজপুর শহর থেকে মোটরসাইকেল শোডাউন শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা নাজিরপুর উপজেলা সদরে যান। সেখানে উপজেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা করেন জেলা ছাত্রদলের নেতারা।

সভায় সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, ১৭ বছর ধরে হামলা-মামলার শিকার হয়ে নিঃস্ব ও নিপীড়িত হওয়া নেতাকর্মীদের ওপর হামলা কিংবা তাঁদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটলে পাল্টা প্রতিক্রিয়া হবে। তিনি বলেন, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক শক্তি গড়ে তুলতে হবে।

নাজিরপুরের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, টুঙ্গিপাড়ার পার্শ্ববর্তী উপজেলায় অবস্থান করায় কোনো বিপদ বা সমস্যা হলে জেলা ছাত্রদল তাঁদের পাশে থাকবে। প্রয়োজন হলে নির্দেশনা পেয়ে হাজার হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাওয়ার কথাও জানান তিনি।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন বলেন, গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও করে তারেক রহমানের সরকার পতনের স্বপ্ন দেখলে সংশ্লিষ্টরা ভুল করছেন। বিএনপি ও ছাত্রদল পরিস্থিতি মোকাবিলা করছে এবং ভবিষ্যতেও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে।

তিনি আরও বলেন, পরিস্থিতি সহনশীলতার সীমা ছাড়ালে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে পুলিশ সহযোগিতা না করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

মতবিনিময় সভা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা গত ১৮ নভেম্বর রাত পৌনে ২টার দিকে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও স্বেচ্ছাসেবক দলের এক নেতার সঙ্গে দেখা করে তাঁর খোঁজখবর নেন তাঁরা।

পরে মোটরসাইকেল শোডাউন নিয়ে টুঙ্গিপাড়া সীমান্তবর্তী নাজিরপুরের মালিখালী এলাকায় যান ছাত্রদলের নেতাকর্মীরা। স্থানীয় বিএনপির অভিযোগ, গত দুই দিনে ওই এলাকায় বিএনপির দুটি কার্যালয় এবং এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছে দলটি।

মালিখালী এলাকায়ও মোটরসাইকেল শোডাউন করেন ছাত্রদলের নেতাকর্মীরা এবং আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন। কর্মসূচি শেষে তাঁরা পিরোজপুরের উদ্দেশে ফিরে যান। ফেরার পথে জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন তাঁরা।

 
শেয়ার করুনঃ
Advertisement