সন্ধ্যা ৫টার পর ভিক্ষায় ১,৫০০ টাকা জরিমানার ঘোষণা

সন্ধ্যা ৫টার পর ভিক্ষায় ১,৫০০ টাকা জরিমানার ঘোষণা ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫৩, ২৫ নভেম্বর ২০২৬

ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। নির্ধারিত সময়ের পর ভিক্ষা করলে কারাদণ্ডেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে স্থানীয় একটি কমিটির এ ধরনের জরিমানা বা কারাদণ্ড ঘোষণার আইনগত ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের লোকজনের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষা করা যাবে না।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা জরিমানার পাশাপাশি কারাদণ্ডের হুঁশিয়ারিও দেন তিনি।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এটিকে বাজারের শৃঙ্খলা রক্ষার উদ্যোগ হিসেবে দেখছেন। অন্যদিকে, স্থানীয় একটি কমিটির জরিমানা বা কারাদণ্ড ঘোষণার আইনগত এখতিয়ার রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন।

শেয়ার করুনঃ
Advertisement