শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, সাবেক এমপির পিএস নিহত
Published : ১৮:০৩, ২৫ নভেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দিনের ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন। পাশাপাশি তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শিবগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে বিস্ফোরণের পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টমাস আলীর মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ককটেল তৈরির বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হবে।































