দাগনভূঞার ওসির ফোনালাপ ফাঁস, নারী নেত্রীর অভিযোগ

দাগনভূঞার ওসির ফোনালাপ ফাঁস, নারী নেত্রীর অভিযোগ ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৫, ২৫ নভেম্বর ২০২৬

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে ওসিকে ওই নারী নেত্রীকে সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে নিজের বাংলোতে আসতে বলতে শোনা যায়। পরে এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন তাসকিরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি।

ছড়িয়ে পড়া অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা উল্লেখ করে দ্রুত তাঁর বাংলোতে যেতে বলেন ওসি। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’ সেখানে যেতে কোনো সমস্যা হবে কি না—তাসকিরা জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ কথোপকথনে ওই নারী নেত্রী তাঁকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে ওসি মনঃক্ষুণ্ন হন বলেও শোনা যায়।

অডিওর অন্য অংশে তাসকিরা তাঁর বিরুদ্ধে করা মামলা, কারাবাস, জামিন পেতে দুই লাখ টাকা ব্যয় এবং আর্থিক ক্ষতির কথা তুলে ধরেন। এ ছাড়া তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ করেন। পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া নিয়েও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে ওসি তাঁকে রাজনীতি, স্বার্থ ও অর্থনৈতিক বিষয়ের বাইরে থেকে চিন্তা করে যোগাযোগ রাখার কথা বলেন। কথোপকথনে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানাতে ওসিকে বলেছেন বলে অভিযোগ করেন তাসকিরা। তবে এ অভিযোগ অস্বীকার করেন ওসি।

গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁদের কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁর শ্লীলতাহানি করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার অনুরোধ জানিয়েছেন। এসব অভিযোগের প্রতিকার দাবি করেন তিনি।

অন্যদিকে ওসি ফয়জুল আজিম নোমান অভিযোগগুলো অস্বীকার করেছেন। তবে ফোনালাপে নিজের কণ্ঠ ও কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি জানান, আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement