আত্মগোপনে থাকা আ.লীগ নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক দল: স্বরাষ্ট্রমন্ত্রী
Published : ১৮:০১, ২৫ নভেম্বর ২০২৬
পলাতক আওয়ামী লীগ দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, পলাতক দলটির প্রতারণা ও ফাঁদে বুঝে কিংবা না বুঝে পা দিচ্ছেন আত্মগোপনে থাকা নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে কেউ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার কীভাবে বিষয়টি দেখছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের বিষয়টি সরকার কূটনৈতিকভাবে মোকাবিলা করছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি বাধা রয়েছে কি না, জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি সরাসরি আইনি বাধার নয়। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাওয়া হয়েছে।
তিনি বলেন, একই চুক্তি অন্য আসামিদের ক্ষেত্রেও প্রযোজ্য—তাঁরা দণ্ডপ্রাপ্ত হোন বা না হোন। দুই দেশের কূটনৈতিক চ্যানেলে অনুরোধ জানানো হলে সংশ্লিষ্ট দেশ আসামিদের ফেরত দেয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এটি একটি প্রচলিত ও নিয়মিত প্রক্রিয়া। বাংলাদেশও অন্য দেশ থেকে আসামি ফেরত আনার ক্ষেত্রে সহযোগিতা করে এবং একইভাবে অন্যান্য দেশকে আসামি ফেরত দিয়ে থাকে।
আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, পতিত আওয়ামী শক্তি বা পলাতক দলটি তাদের বিপদের মুখে ফেলছে। তাঁর দাবি, দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা যখন সামাজিকভাবে একধরনের অনানুষ্ঠানিক পুনর্মিলনের অবস্থায় পৌঁছেছিলেন, তখন দলটি তাদের আবার ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে।
তিনি আরও বলেন, নেতাকর্মীরা বুঝে কিংবা না বুঝে দলটির প্রতারণা ও ফাঁদে পা দিচ্ছেন। এ বিষয়ে দেশের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পলাতক দলটি যেন আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উত্তেজিত না করে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন।
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সর্বসম্মতিক্রমে একসঙ্গে বসার পরিকল্পনা করছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পরবর্তী আলোচনার বিষয়। এ নিয়ে তাঁর সঙ্গে এখনো কোনো বৈঠক হয়নি।
তিনি জানান, প্রধানমন্ত্রী এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁরা সাক্ষাতের সময় চেয়েছিলেন। এ ছাড়া জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সরকারের আলোচনা করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।


































