ফ্যাসিস্ট যেই হোক না কেনো, তাদের বিচার বাংলার মাটিতেই হবে

ফ্যাসিস্ট যেই হোক না কেনো, তাদের বিচার বাংলার মাটিতেই হবে

সোলাইমান ইসলাম নিশান 

Published : ২১:৪২, ২১ সেপ্টেম্বর ২০২৪

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট যেই হোক না কেনো, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।

আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ ধীরে ধীরে ফিরে আসছে। এরইমধ্যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে দ্রুত দেশে আইনশৃঙ্খলার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনা যায়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরে বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে ত্রাণ বিতরণ কালে সদর উপজেলার বাঙ্গাখাঁ উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এ সব কথা বলেন।

এ সময় দেশের বিভিন্ন থানায় দায়ের করা কিছু কিছু মামলা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, আমরা আহ্বান করেছি যাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলাগুলো দায়ের করা হয়। এবং সেই মামলার ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে বলেছি।

 গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ বলেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে ৬টি কমিশন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কমিশনগুলো তাদের বৈঠক করছেন। অক্টোবর মাস থেকে কমিশন তাদের কার্যক্রম শুরু করবে।

শিক্ষা ও গণমাধ্যমসহ আরকিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। গঠিত কমিশন অংশিজনের সাথে আলোচনার মাধ্যমে রূপরেখা তৈরি করবে। পরবর্তীতে সেই রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউছুফ মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান প্রমুখ।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement