ইজারা দেওয়া হচ্ছে বেনজীরের সাভানা ইকো পার্ক
Published : ১৮:০০, ২ অক্টোবর ২০২৪
পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্কের ভেতরে অবস্থিত পুকুর ও পার্ক ইজারা প্রদানের অনুমতি দিয়েছে আদালত।
মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশে দেন।
আদেশে বলা হয়েছে, সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্কে প্রবেশ, রাইড, কটেজ, ফলবাগান ও পুকুর বছরভিত্তিক দরপত্র আহ্বানের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদানের করা হলো।
ইজারা প্রদান অন্তে সংক্রান্ত প্রতিবেদন এ আদালতের মাধ্যমে দাখিল করার জন্য নিযোগকৃত রিসিভারকে নির্দেশ প্রদান করা হয়।
দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম নিযোগকৃত রিসিভার জেলা মৎস্য কর্মকর্তা এবং উপ-পিরচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জ পক্ষে অনুমতির আবেদন করেন (পারমিশন পিটিশন নম্বর-২৬৯/২০২৪)।
প্রসঙ্গত, ২০১৫-২০২০ সালে র্যাবের মহাপরিচালক এবং ২০২০-২০২২ পর্যন্ত আইজিপি থাকাকালীন সময়ে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির উপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক।
এ পার্কে জমির প্রায় সবই হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে, জোর করে নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি দখল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। গত ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটি নিয়ন্ত্রণে নেয় জেলা প্রশাসন।
বিডি/ও


































