ইউরোপের বাজারে প্রবেশের সম্ভাবনা, কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায়
Published : ১৮:৫৬, ১৯ নভেম্বর ২০২৬
ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কসোভোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানারের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই এবং বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে কসোভোর রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করতে পারে।
আলোচনায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতের পণ্য ও সেবা কসোভোতে রপ্তানির সম্ভাবনা তুলে ধরা হয়। একই সঙ্গে কসোভোর লিগনাইট, তামা ও দস্তার মতো খনিজ সম্পদকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগ ও উদ্যোগ গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া কৃষি ও সেবা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতে বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করা এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

































