‘তোর কলিজা কেটে কুকুরদের খাওয়াবো’, আম্মারকে ছাত্রলীগ নেতার হুমকি
Published : ১৬:৫৬, ২৮ জুলাই ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে হত্যার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আসাদুল্লা হিল গালিব।
সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাকসুর নেতৃবৃন্দ ও ছাত্রলীগের সাবেক এক কর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনার পর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।
পোস্টে গালিব লেখেন, “সালাহউদ্দিন আম্মার, তোর কলিজা কেটে ক্যাম্পাসের কুকুরদের খাওয়াবো, এটা মনে রাখিস।” একই পোস্টে তিনি সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের সমালোচনা করেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান।
তিনি আরও লেখেন, “আমি গালিব, ডিসেম্বরে ক্যাম্পাসে আসছি।” এছাড়া পোস্টে চলমান ছাত্ররাজনীতি, নিরাপত্তা পরিস্থিতি এবং সাম্প্রতিক সংঘর্ষ নিয়েও বিভিন্ন মন্তব্য করেন।
আরেক অংশে গালিব দাবি করেন, একজন জিএস প্রকাশ্যে একজন শিক্ষার্থীকে হত্যার হুমকি দিয়েছেন এবং এ ঘটনার জবাব ছাত্রদলের নেতাকর্মীদের দেওয়া উচিত। একই সঙ্গে তিনি ভবিষ্যতে ক্যাম্পাসে ফেরার ইঙ্গিতও দেন।
ফেসবুক পোস্টটি প্রকাশের পর বিষয়টি বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

































