হামলার অভিযোগের পর দেশে ফিরলেন বাঁধন

হামলার অভিযোগের পর দেশে ফিরলেন বাঁধন ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১১:১১, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির অভিযোগের পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইতালিতে পাওয়া নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেন বাঁধন। তিনি বলেন, যারা তার ওপর হামলা চালিয়েছেন, তারা নিজেদের জন্যই বিপদ ডেকে আনছেন। তার ভাষ্য, হামলাকারীরা তার গায়ে হাত তুলেছেন এবং এ ধরনের বর্বরতা বন্ধ হওয়া প্রয়োজন।

বাঁধন বলেন, ইতালিতে ঘটে যাওয়া ঘটনাটি দুঃখজনক। এর মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন তিনি। দলীয় রাজনীতির প্রতি সমর্থন থেকে কেউ যেন এ ধরনের কর্মকাণ্ডে না জড়ান, সে আহ্বানও জানান অভিনেত্রী।

তিনি আরও বলেন, যারা হামলায় জড়িত, তাদের পরিবারের সদস্যদেরও এর কারণে কষ্ট পেতে হবে। দলের নেতারা বিষয়টি দেখবেন না—তারা নিজেদের মতো নিরাপদে থেকে ভিডিও বার্তা দেবেন বলেও মন্তব্য করেন তিনি।

ইতালির পুলিশের ভূমিকা তুলে ধরে বাঁধন জানান, ঘটনার পর তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছিল। ইতালিতে অবস্থানকালে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকেও সহযোগিতা পেয়েছেন বলে জানান তিনি।

এর আগে ভেনিসের মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সময় একদল প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে তাকে হেনস্তা ও হামলার অভিযোগ করেন বাঁধন। ৭ সেপ্টেম্বর রাতে ওই ঘটনা ঘটে বলে জানান তিনি। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ওই সময় তার দিকে পানি ও কোমল পানীয় ছোড়া হয় এবং শারীরিকভাবে আঘাত করার অভিযোগও ওঠে।

ভিডিওতে কয়েকজনকে বাঁধনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন অভিনেত্রী। পরে ইতালির পুলিশ ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করে বলে জানা যায়।

ঘটনার পর বাঁধনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ও ইতালিতে আলোচনা শুরু হয়। ইতালিতে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেট থেকে তাকে আইনি ও অন্যান্য সহায়তা দেওয়ার কথা জানানো হয়। বাংলাদেশ সরকারও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি তোলার কথা জানায়।

হামলার অভিযোগের পর বাঁধনও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানান। তিনি বলেছিলেন, ঘটনার শেষ দেখে ছাড়বেন।

প্রসঙ্গত, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ও রচিত সিনেমাটি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করেছে। উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি সেখানে ঘটে যাওয়া হামলার অভিযোগের কারণে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসেন এই অভিনেত্রী।

শেয়ার করুনঃ
Advertisement