দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
Published : ১০:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দলটির নেতাদের সতর্ক করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেন, সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ হলেও ভবিষ্যতে আওয়ামী লীগ রাজনীতি করবে—তাই এমন রাজনৈতিক রূপরেখা তৈরি করা উচিত নয়, যার জন্য পরে দলটিকে লজ্জিত হতে হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঁধন আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আপনারা একটা বড় দল। সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন।’
বাঁধন আরও বলেন, ভবিষ্যতে কী ধরনের রাজনীতি করা হবে, তার একটি রূপরেখা তৈরি করা হয়েছে। তবে এমন রূপরেখা তৈরি করা উচিত নয়, যার কারণে ভবিষ্যতে দলটির লজ্জিত হতে হয়।
এ সময় বিমানবন্দরে বাঁধনের বাবা প্রকৌশলী আমিনুল হক উপস্থিত ছিলেন।
এর আগে গত সপ্তাহে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি যান বাঁধন। সিনেমাটি উৎসবের ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের প্রেমিও বিসাতো দ’ওরো পুরস্কার অর্জন করে।
৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারের পর পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। তার দাবি, তাকে পানি, কোমলপানীয় ও ডিম ছোড়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তার হাত থেকে মুঠোফোনও ফেলে দেওয়া হয়। এ সময় তার ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানও সঙ্গে ছিলেন।
ঘটনার পর দেশের অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী বাঁধনের পাশে দাঁড়ান। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনায় প্রতিবাদ ও সমর্থনের বার্তা দেখা যায়।

































