বাস্তবে কবে বিয়ে করবেন কেয়া পায়েল? অভিনেত্রীর কথায় মিলল ইঙ্গিত
Published : ১২:০৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস্তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী কেয়া পায়েল—এ প্রশ্নের সরাসরি উত্তর এখনো দেননি তিনি। তবে বিয়ে নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্যে মিলেছে কিছুটা ইঙ্গিত। অভিনেত্রীর ভাষ্য, বিয়ের বিষয়টি তিনি ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন। তাঁর ধারণা, জীবনের এ অধ্যায়টি হয়তো হঠাৎ করেই চলে আসবে।
বিয়ে নিয়ে কেয়া পায়েল বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাস করি। যখন ভাগ্যে লেখা থাকবে, তখনই হবে এবং সবাই জানতে পারবেন। তবে আমার কেন যেন মনে হয়, বিয়েটা আমার হুট করেই হয়ে যাবে।’
অভিনেত্রীর এমন মন্তব্য সামনে এসেছে তাঁর নতুন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’কে ঘিরে। আরিফিন শুভর সঙ্গে অভিনীত এই ছবির নাম নিয়ে গত জুলাইয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দেওয়ায় অনেকে ধারণা করেছিলেন, তাঁরা হয়তো গোপনে বিয়ে করেছেন। পরে জানা যায়, এটি তাঁদের অভিনীত ওয়েব ফিল্মের নাম।
‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অধীনে ছবিয়াল সহ-প্রযোজিত এবং চরকি প্রযোজিত ‘হ্যাপিলি ম্যারিড’ পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। চরকি অরিজিনাল এই ওয়েব ফিল্মটি ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
নিজের প্রথম ওয়েব ফিল্ম নিয়ে বেশ উচ্ছ্বসিত কেয়া পায়েল। কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘কাজটি করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। পরিচালক জাহিদ প্রীতম বেশ বিনয়ী এবং পুরো টিমটাই খুব সহযোগিতাপূর্ণ ছিল।’
সহশিল্পী আরিফিন শুভর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্ট অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘একজন নায়কের মধ্যে যেসব গুণাবলি ও ব্যক্তিত্ব থাকা উচিত, তার সবই রয়েছে শুভ ভাইয়ের মধ্যে। তিনি যেমন আন্তরিক ও প্রফেশনাল, তেমনই শুটিং সেটে ভীষণ সহযোগিতাপূর্ণ। শুরুতে কিছুটা চিন্তায় থাকলেও কাজ করতে গিয়ে দারুণ লেগেছে।’
প্রথম ওয়েব ফিল্মে দর্শকদের জন্য ভিন্ন কিছু নিয়ে হাজির হওয়ার প্রত্যাশা কেয়া পায়েলের। তিনি বলেন, ‘৮ অক্টোবর ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পাচ্ছে। প্রথম ওয়েব ফিল্ম আর গল্পটাও চমৎকার—সব মিলিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। এবার দর্শকরা একদম ভিন্নধর্মী এক পায়েলকে দেখতে পাবেন। আশা করি কাজটি সবার ভালো লাগবে।’
বর্তমানে নাটক, এন্ডোর্সমেন্ট ও ফ্যাশন রানওয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কেয়া। অক্টোবরের শুরুতে তাঁর দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে। সব কাজ শেষ করে মাসের শেষ দিকে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর।
পর্দায় ‘হ্যাপিলি ম্যারিড’ হলেও বাস্তব জীবনে কেয়া পায়েলের বিয়ের সময় এখনো নির্ধারিত হয়নি। তবে তাঁর কথায়, সেই ঘোষণা এলে তা হতে পারে একেবারেই আকস্মিকভাবে।

































