বধূর সাজে সাদিয়া জাহান প্রভা, নতুন লুক ঘিরে ভক্তদের কৌতূহল
Published : ১২:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬
অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত মুহূর্তের পাশাপাশি কাজের খবরও মাঝেমধ্যে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার বধূর সাজে কয়েকটি ছবি প্রকাশ করে নতুন কৌতূহল তৈরি করেছেন এই অভিনেত্রী।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন প্রভা। ছবিতে তাকে সনাতন ধর্মীয় রীতিতে বিয়ের কনের সাজে দেখা যায়। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি এবং হাতে শাঁখা-পলা—সব মিলিয়ে তার সাজে ছিল বিয়ের আবহ।
ছবির পটভূমিতেও দেখা যায় বিয়ের আয়োজন। বাড়ির উঠোনে তৈরি করা হয়েছে মণ্ডপ। সেখানে কলাগাছ, রঙিন কাগজের সাজসজ্জা এবং বিয়ের আনুষ্ঠানিকতার বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। ফলে প্রভার এমন সাজের কারণ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
ছবির সঙ্গে সরাসরি কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী। তবে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’
তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, অভিনয়ের প্রয়োজনে বধূর সাজে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন প্রভা। তবে কোন নাটক, সিনেমা কিংবা অন্য কোনো কনটেন্টের শুটিংয়ে তাকে এই লুকে দেখা গেছে, তা জানাননি তিনি।
অভিনয়ে অনিয়মিত থাকলেও সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার শুটিংয়ের বড় একটি অংশ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।
































