পলককে জামিন না দেওয়াকে মানবাধিকার লঙ্ঘন বলছেন আইনজীবী

পলককে জামিন না দেওয়াকে মানবাধিকার লঙ্ঘন বলছেন আইনজীবী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জামিন না দেওয়াকে মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন তার আইনজীবী তরিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কারাগারে থাকা পলককে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং তার ওপর নির্যাতন ও নিপীড়ন চালানো হচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালতে পলকের হাজিরা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তরিকুল ইসলাম।

আইনজীবী বলেন, পলক দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন, কিন্তু তাকে জামিন দেওয়া হচ্ছে না। তার ভাষ্য অনুযায়ী, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’ কথাটির মাধ্যমে পলক বোঝাতে চেয়েছেন, তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, জুনাইদ আহমেদ পলক অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।

এজাহারে আরও বলা হয়, পলকের নামে থাকা ২৫টি ব্যাংক হিসাবে মোট ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা এবং ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন হয়েছে। এসব লেনদেনের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির অর্থ মানিলন্ডারিং করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

এর আগে, সরকার পতনের পর ২০২৪ সালের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন সময়ে হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement