সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ক্ষোভ জানালেন সাদিয়া আয়মান

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ক্ষোভ জানালেন সাদিয়া আয়মান ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১১:১৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

পোস্টে সাদিয়া লেখেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

দেশে চাঁদাবাজি ও অশিক্ষিত মানুষের প্রভাব বেড়ে যাওয়া নিয়েও পোস্টে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ঘটনাটিকে লজ্জাজনক ও ধিক্কারজনক উল্লেখ করে নিজের অবস্থান জানান সাদিয়া।

পরে পোস্টের মন্তব্যের ঘরেও কয়েকজনের বক্তব্যের জবাব দেন অভিনেত্রী। তার দাবি, যাদের উদ্দেশে তিনি পোস্টটি দিয়েছেন, তাদের কেউ কেউ চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন। এ সময় মন্তব্যকারীদের উদ্দেশে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান তিনি।

এদিকে, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও লুটপাটের অভিযোগ ওঠে। সালমানের অভিযোগ, জমির মালিকের কাছে চাঁদা দাবি এবং তা না দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযোগগুলোর তদন্ত ও বিচারিক প্রক্রিয়া এখনো চলমান।

সাদিয়া আয়মানের পোস্ট ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।

শেয়ার করুনঃ
Advertisement