ভোগ ওয়ার্ল্ড ২০২৬-এ রাশমিকার নজরকাড়া অভিষেক

ভোগ ওয়ার্ল্ড ২০২৬-এ রাশমিকার নজরকাড়া অভিষেক ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ২০:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মিলানে আন্তর্জাতিক ফ্যাশনের অন্যতম আলোচিত আয়োজন ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’-এ অভিষেকেই নজর কেড়েছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভারতীয় ডিজাইনার অনামিকা খান্নার তৈরি বিশেষ কালো গাউনে রেড কার্পেটে হাজির হয়ে আন্তর্জাতিক তারকাদের ভিড়ে নিজের উপস্থিতিকে আলাদা করে তুলেছেন তিনি।

রাশমিকার পরনের পোশাকটি অনামিকা খান্নার সর্বশেষ কুতুর সংগ্রহ ‘মুনলিট প্যালেস’-এর একটি বিশেষ অফ-দ্য-রানওয়ে গাউন। স্বচ্ছ কালো লেসের ওপর ফুলের এমব্রয়ডারি, সূক্ষ্ম বিড ওয়ার্ক, সিকুইন এবং ক্রিস্টাল-স্টাডেড কারুকাজে তৈরি পোশাকটিতে ছিল আভিজাত্য ও নাটকীয়তার মিশেল।

গাউনটি প্রস্তুত করতে ডিজাইনারের স্টুডিওতে প্রায় ৩৫০ ঘণ্টা সময় লেগেছে। স্লিভলেস ও হাই-নেক নকশার মেঝেছোঁয়া পোশাকটিতে রয়েছে কাঠামোবদ্ধ কোরসেট সিলুয়েট। ফুলেল অ্যাপ্লিক ও ঝলমলে সিকুইনের কাজের পাশাপাশি গলার কাছে থাকা ক্রিস্টাল-স্টাডেড কলার গাউনটির বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

চলতি বছরের শুরুতে ভারতের হায়দরাবাদে ‘মুনলিট প্যালেস’ সংগ্রহটি উপস্থাপন করা হয়েছিল। কালো লেসের ওপর সূক্ষ্ম এমব্রয়ডারি, ফুলের অ্যাপ্লিকে ও নানা ধরনের সারফেস এমবেলিশমেন্টের মাধ্যমে সংগ্রহটিতে তৈরি করা হয়েছে জটিল ও সমৃদ্ধ নকশা।

রাশমিকার সাজেও ছিল পোশাককেন্দ্রিক পরিকল্পনা। গয়নায় অতিরিক্ত ভারী না হয়ে তিনি বেছে নেন স্বরোভস্কির ইয়ার কাফ ও আংটি। ব্রোঞ্জ টোনের মেকআপ, ব্লো-ড্রাই করা লম্বা চুল, কালো সাটিনের থাই-হাই বুট এবং গুচির ব্যাগে সম্পূর্ণ হয় তার পুরো লুক।

ইতালির শতবর্ষের ফ্যাশন ঐতিহ্যকে সামনে রেখে মিলানে এবারের ‘ভোগ ওয়ার্ল্ড’ আয়োজন করা হয়েছে। রেনেসাঁর শিল্প-অলংকরণ থেকে শুরু করে শিল্পবিপ্লব, ঐতিহ্যবাহী ইতালীয় ফ্যাশন হাউস এবং ভবিষ্যৎধারার ফ্যাশন—বিভিন্ন সময় ও ধারার গল্পকে ঘিরেই সাজানো হয়েছে এই আয়োজন।

আর সেই আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ডিজাইনারের তৈরি ৩৫০ ঘণ্টার বিশেষ গাউনে রাশমিকার উপস্থিতি যোগ করেছে আলাদা মাত্রা।

শেয়ার করুনঃ
Advertisement