রাড্ডা ক্লিনিক পরিদর্শনে শফিকুর রহমান, অপরাধী যে-ই হোক আইনের আওতায় আনার দাবি

রাড্ডা ক্লিনিক পরিদর্শনে শফিকুর রহমান, অপরাধী যে-ই হোক আইনের আওতায় আনার দাবি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি বলেন, “সর্প দংশন করা, ওঝা হয়ে ঝাড়ার নাটক আমরা দেখতে চাই না।”

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে যেন কোনো দুর্বৃত্ত ক্লিনিকটিতে হামলা বা হস্তক্ষেপ করতে না পারে, সে জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে এমন শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

তিনি বলেন, সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বললেও বিভিন্ন স্থানে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অপমানের শিকার হচ্ছেন। এভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় জনবলের ঘাটতির কথাও উল্লেখ করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তাঁর ভাষ্য, কয়েক দিনের মধ্যে রাজধানীতে একাধিক ঘটনা ঘটেছে। জমিজমা নিয়ে বিরোধ থাকলে আইনগতভাবে সমাধানের সুযোগ রয়েছে; কিন্তু সে অজুহাতে কারও সম্পদে হামলা বা দখলের চেষ্টা গ্রহণযোগ্য নয়।

ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে হামলার সঙ্গে নিজের দলের কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, অপরাধে জড়িত ব্যক্তি যে দলেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য প্রাথমিক সহায়তা অব্যাহত রাখার কথাও জানান ডা. শফিকুর রহমান। প্রয়োজনে স্থানীয় মানুষের চিকিৎসাসেবায় আরও সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement