ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা, জানালেন ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা, জানালেন ট্রাম্প ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১২:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বন্ধের উদ্যোগের অংশ হিসেবে মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সোমবারের ওই আলোচনা কোথায়, কার সঙ্গে এবং কী বিষয়ে হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি। খবর আলজাজিরার।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সোমবার মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন। যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ খুঁজতেই এই যোগাযোগ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আলোচনায় কী নিয়ে কথা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অবসান এবং উত্তেজনা কমানোর প্রচেষ্টার মধ্যেই তার সম্ভাব্য বৈঠকের খবর সামনে আসে।

এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধে জয়ী হবে। যুদ্ধের প্রভাবে বেড়ে যাওয়া জ্বালানি তেলের দামও দ্রুত কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বন্ধের পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়েও মধ্যস্থতার উদ্যোগ চলছে। কাতারসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, সোমবারের আলোচনায় এই উদ্যোগে নতুন করে অগ্রগতি আনার চেষ্টা হয়েছে। তবে আলোচনায় কী ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে কিংবা উভয় পক্ষের অবস্থানে কোনো পরিবর্তন এসেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement